সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, 'সংসদ সদস্যদের প্রতি আহ্বান থাকবে আপনারা যদি শেখ হাসিনার ফ্যাসিবাদের কন্টিনিউশেন না চান, তাহলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করবেন। এ ব্যাপারে এনসিপির সংসদ সদস্যরা ভূমিকা পালন করবে। সংসদ সদস্যদের রাষ্ট্রপতিকে অভিশংসন করেই যাত্রা শুরু করতে হবে।'
রোববার (১ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'নতুন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমাদের আহ্বান থাকবে, কোটি কোটি ভোটারের সঙ্গে প্রতারণা করবেন না।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'যুবশক্তির প্রতি শুভেচ্ছা, তাদেরকে আরও শক্তি বাড়াতে হবে।'
তিনি বলেন, 'এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর অন্য বিচার।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে। সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে।'
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'যারা আজকে বলছে ওয়াসিম আমাদের শহীদ, কিন্তু সংস্কারের বিরোধিতা করে যাচ্ছে, এটা কি শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না? আমরা জনগণের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। মানুষ যখন ভয় পাবে না, তখন আমাদেরকে ভালোবেসে নেতা বানাবে।'
তিনি বলেন, 'আপনাদের প্রতি আহ্বান আপনারা ২০০১ থেকে ২০০৬ সালে যে ভুল করেছিলেন, সেটা এবার করবেন না। দুর্নীতিতে ডুবে যাবেন না।'
তিনি বলেন, 'শুনছি রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বাজারের মতো শত শত কোটি টাকায় বিক্রি করছেন। অর্থনীতির কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে।'
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, 'বিএনপি যখনি নির্বাচনের দিন গণভোট চেয়েছে, তখনি আমরা সন্দেহ করেছিলাম। জুলাই বিপ্লবের বড় বেনিফিশিয়ারি বিএনপি। কিন্তু তারা গাদ্দারি করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।'
