যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত 'আফিল অটো ব্রিক্সে' অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রতিষ্ঠানটির একটি শেডের সকল যন্ত্রপাতি পুড়ে গেছে এবং অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির দাবি করেছে কর্তৃপক্ষ, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আফিল অটো ব্রিক্সের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কারখানায় আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। তিনি বলেন, 'আগুনে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।'
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, আগুনে ব্রিক্সের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কারখানার কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে আগুন ধরার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আফিল ব্রিক্সে যায়।
সেখানে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস সম্পর্কে তিনি বলেন, 'ধারণা করছি ব্রিক্সের ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। সব কাজ শেষে বলতে পারব।'
