চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা, হুমকির মুখে তীর রক্ষা প্রকল্প
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে প্রকাশ্যে মাটির ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্রের 'ডানতীর রক্ষা প্রকল্প', নদী সংলগ্ন গ্রাম ও আবাদি জমি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তীরের অন্তত দুটি স্থানে মাটি কেটে ট্রলিতে তোলা হচ্ছে। এ সময় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে ১৫ থেকে ১৬টি ট্রলি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর তীর থেকে ট্রলিতে করে মাটি কেটে নিয়ে বিক্রি করছেন। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভেতরে এবং ডানতীর রক্ষা প্রকল্পের সামনে থেকেই প্রতিদিন এই মাটি কাটা হচ্ছে। ফলে নদীর পাড় নিচু হয়ে যাচ্ছে এবং সামান্য পানি বাড়লেই এলাকাটিতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এই তীরটি তাদের গ্রামের সুরক্ষা হিসেবে কাজ করে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
তারা আরও অভিযোগ করেন, কিছু জমির মালিক সামান্য অর্থের বিনিময়ে মাটি বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি মাটি কেটে নিচ্ছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
তবে মাটি ব্যবসার অভিযোগ অস্বীকার করে ট্রলি মালিক রফিকুল ইসলাম বলেন, তিনি কোনো ব্যবসা করছেন না বরং নিজের জমির সামান্য মাটি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ইতিমধ্যে কয়েকবার অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে স্থায়ী ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
