গৃহায়ণ ও গণপূর্তে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না: মন্ত্রী জাকারিয়া তাহের
গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো ধরনের দুর্নীতি ও অপব্যয় হতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তাদের মাধ্যমে এই মন্ত্রণালয়ের প্লট বরাদ্দ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে জাকারিয়া তাহের বলেন, 'আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ।'
তিনি আরও বলেন, 'তিনি (প্রধানমন্ত্রী) যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন, সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে—অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।'
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, 'আমরা মাত্র দুদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।'
উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নির্বাচিত হওয়ার পর এবং মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় গেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
