পর্যাপ্ত সরবরাহ রয়েছে, রমজানে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ রয়েছে।
তিনি বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা। রমজানের সময় এই দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।'
তিনি আরও বলেন, 'আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন রোজা শুরুর আগে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য হাতে খুব কম সময় ছিল। তবে ইতিবাচক দিক হলো, আমাদের বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা বাজারে দামের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যথেষ্ট।'
আজ সকালে (১৯ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমি আমার নির্বাচনি প্রচারণা এবং ইশতেহারে সিলেটের উন্নয়ন নিয়ে কথা বলেছি। আমি সেই বিষয়গুলো বাস্তবায়নে কাজ করতে চাই যা সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের প্রতিবেশী দেশগুলো বড় বড় ডিজিটাল প্রকল্প গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের বিশ্বে আমরা পিছিয়ে পড়লে অন্যরা আমাদের করুণার চোখে দেখবে। আমাদের বৈশ্বিক পর্যায়ে সক্ষমতা অর্জন করতে হবে।'
মন্ত্রী আরও জানান, সরকার আগামী পাঁচ বছর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে প্রতিটি দিনকে কাজে লাগাবে।
সিলেট আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'চাকরি তৈরির জন্য বিনিয়োগ প্রয়োজন। আর বিনিয়োগ আকর্ষণের জন্য আমাদের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।'
তিনি আরও বলেন, সিলেটের প্রবাসী এবং দেশি—উভয় ধরনের বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন।
মন্ত্রী বলেন, 'আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই এগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাবে।'
