নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
নতুন সংসদ ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য এবং সংসদের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রীসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'আজকে যে সংসদ তৈরি হলো, নতুন সরকার গঠিত হলো, আমরা এই নতুন সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ মন্ত্রীসভার সদস্যবৃন্দ এবং পুরো সংসদের সবাইকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'
তিনি বলেন, 'রক্তের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার তরুণ যারা আহত হয়েছেন, এদেশের ছাত্র-শ্রমিক-জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পাটাতনের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে– সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষাই এই সংসদের মধ্য দিয়ে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা।'
সাকি বলেন, 'দেশের রাষ্ট্রব্যবস্থার বদল ঘটবে, একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, আর্থ-সামাজিক ক্ষেত্রে দেশের জনগণ তার ন্যায্য হিস্যা পাবে।'
