রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এই সূচি কার্যকর থাকবে।
নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা 'হেডওয়ে' নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত।
রমজানের সময় ইফতারের প্রয়োজনে যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। প্রতিটি যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় কেবল ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং খালি বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার, অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের বিদ্যমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
