পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্বিতীয় দিনেও বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের বাড়িতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ করা গেছে। এছাড়া এদিন তিনি ১১ দলীয় জোট মনোনীত পরাজিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই চৌধুরী নায়াব ইউসুফের বাসভবনে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হতে থাকেন। একপর্যায়ে বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় তিনি পার্শ্ববর্তী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান যান। সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এরপর দুপুরে এক সৌজন্যমূলক রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত পরাজিত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন।
প্রফেসর আবদুত তাওয়াবের বাসভবনে দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় হয়। সাক্ষাৎকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ফরিদপুরবাসীর সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক ফারিয়ান ইউসুফসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
