ঢাকা-৭: ফল স্থগিত ও পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লাহর
ঢাকা-৭ আসনের ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ এনে আসনটির ফলাফল স্থগিত রাখা এবং পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েতুল্লাহ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে হাজী এনায়েতুল্লাহ অভিযোগ করেন, ভোট গণনার সময় তার 'দাঁড়িপাল্লা' প্রতীকের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ফলাফল বিবরণীতে তাঁদের স্বাক্ষর নেওয়া হয়নি। তিনি বলেন, "ভোট ভালো হয়েছে। রেজাল্ট আসছিল। কিন্তু হঠাৎ করে কেন্দ্রের রেজাল্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এজন্য গত রাতেই আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমরা মনে করি, ভোট পুনর্গণনা হলে এই আসনের ফলাফল পরিবর্তন হবে।"
নির্বাচন কমিশনের প্রতি ফলাফল স্থগিত রাখার জোরালো দাবি জানিয়ে তিনি আরও বলেন, "এখানে বিচার না পেলে আমরা হাইকোর্টে যাব। কারণ সেখানে ব্যাপক কারচুপি হয়েছে। ঘটনার সময় প্রশাসনের সাহায্য চাওয়া হলেও তারা ভয় পেয়ে চলে গিয়েছিল।"
হাজী এনায়েতুল্লাহ দাবি করেন, নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণ থাকলেও গণনার পর্যায়ে এসে পরিকল্পিতভাবে তাঁর এজেন্টদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়েছে।
