ইতিহাস গড়ে প্রথমবারের মতো ঢাকার ৫ আসনে জয়ী জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ আসনে বড় ব্যবধানে জয়লাভের মধ্য দিয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাধীনতার পর বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথমবারের মতো ঢাকার কোনো আসনে জয় পেল দলটি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকার ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-১৫, ঢাকা-১২ ও ঢাকা-১৬ আসনে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। এর আগে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জামায়াত বিভিন্ন আসনে জয়ী হলেও সেগুলোর প্রতিটিই ছিল ঢাকার বাইরে।
নির্বাচনি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ৮২,৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. সাফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১,৯২০ ভোট।
ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত মোহাম্মদ কামাল হোসেন ৯৫,৭১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নবি উল্লাহ পেয়েছেন ৮৬,৯৭৮ ভোট।
ঢাকা-১৬ আসনে দলটির প্রার্থী আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট।
ঢাকা-১২ আসনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট। এই আসনে সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক। তিনি বিএনপি জোটের প্রার্থী। তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
এছাড়া ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে জামায়াত অংশগ্রহণ করেনি। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনে অংশ নিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে বড় ব্যবধানে বিজয় দলটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
