গোপালগঞ্জের ৩ আসনেই জয় পেল বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
গোপালগঞ্জ-১ ( মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা 'ধানের শীষ' প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া 'ট্রাক' প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর 'ধানের শীষ' প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এমএইচ খান মঞ্জু 'হরিণ' প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী 'ধানের শীষ' প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক 'ঘোড়া' প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট ।
