মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। আর ভোটগ্রহণের তারিখ ১২ নভেম্বর।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। আইন অনুযায়ী, আসনটিতে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকে, সেক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। যে কারণে ভোটেরও প্রয়োজন হয় না।
প্রসঙ্গত, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পর তাকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
