বাগেরহাটে ৩টিতে জামায়াত ও ১টিতে বিএনপির জয়
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। অপর একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। এই আসনে ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ২৭৪ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান ৫০ হাজার ৯৬ ভোটের।
মোংলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।
মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। এই আসনে ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব ফলাফল নিশ্চিত করেছেন।
