ভূমিধস জয়ে দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি; ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে’ সরকার গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে। নির্বাচনে জয়লাভের পর আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর '১৫ ফেব্রুয়ারির মধ্যে' সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে। টিবিএস ২৬৯টি আসনের ফলাফল বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, বিএনপি ১৯৭ আসনে জয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ৫৬টি আসনে জয় পেয়েছে।
অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয় পেয়েছে।
এবার বেশি নজর কেড়েছে নির্বাচনের দিনের পরিবেশ। সহিংসতার আশঙ্কা থাকলেও শেষপর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণই হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় ভোটাররা উৎসবমুখর এবং শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিয়েছেন।
বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।
শুক্রবার এক ফেসবুক পোস্টে চীনা দূতাবাস এ দেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সেই সাথে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে পোস্টটিতে।
২০২৪ সালের অগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ায় বেইজিং। প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহিযোগিতাও বাড়িয়েছে দুই দেশ।
তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার
বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আজ বৃহস্পতিবার দুপুর একটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।
তিনি তার পোস্টে বলেন, 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।'
'আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি,' যোগ করেন তিনি।
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে তিনি বলেন, '১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে (সংসদ) যাবে।'
তিনি আরও বলেন, 'জুলাই সনদে বিএনপি যে বিষয়গুলোতে সই করেছে, ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফাও বাস্তবায়ন করা হবে।'
মির্জা ফখরুল বলেন, 'বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে। বিভিন্ন দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। সেই প্রেক্ষাপটে জামায়াত নির্বাচনে ভালো ফল করেছে।'
দলের নিরঙ্কুশ বিজয়কে বিএনপির প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ইসির জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়।
এর আগের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে। এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।
খুলনা-৫ ও কক্সবাজার-২ আসনে হেরে গেলেন জামায়াতের শীর্ষ নেতা পরওয়ার ও হামিদুর
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, পৃথক দুটি আসনে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
খুলনা-৫ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার পান ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। এর আগে এই আসনের ৫৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল।
অন্যদিকে, কক্সবাজার-২ আসনে বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের হামিদুর রহমান আজাদ পান ৯১ হাজার ৮৮৯ ভোট।
মিয়া গোলাম পরওয়ার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খুলনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। হামিদুর রহমান আজাদ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা' পাওয়ার কারণে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।
ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা করেন।
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির 'সুস্পষ্ট জয়ের' কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, 'আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই'।
'এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে,' লিখেছেন তিনি।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, 'আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম'।
ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াতের আমির শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।
দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭টি ভোট।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন। ১২৮টি কেন্দ্রের ভোট গণনা থেকে এই ফলাফল জানা যায়।
এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। ভোট পড়েছে এক লাখ ৫২ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে দুই হাজার ২৮৮টি ভোট।
ভোট পড়ার হার ৪৪ শতাংশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়।
দুই হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে জয়লাভ করেছেন। মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদের চেয়ে দুই হাজার ৩৯ ভোট কম।
বিএনপিকে 'বিজয়ের শুভেচ্ছা' মার্কিন দূতাবাসের
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, 'একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করারজন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।'
বিজয়ের পর আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির
নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম'আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
তুমুল লড়াইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয়
ঢাকা-৮ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। নাসীরুদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে তিনি এ আসনে জয় নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৮। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছে ধানের শীষ প্রতীকের বিএনপি নেতা মির্জা আব্বাস এবং শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে।
মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছে বিএনপি'র প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটে রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট।
ট্রাক নিয়ে বিজয়ী নুর, তবে ধানের শীষ প্রতীক নিয়েও হারলেন রাশেদ খান
ট্রাক প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বিজয়ী হলেও হেরেছেন দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ৮০ হাজার ৫৬০টি ভোট পেয়েছেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন শুরুর আগে আগে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তারপরও তিনি ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন। আবু তালেব পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৯টি ভোট, অন্যদিকে এই আসনের নির্বাচনে রাশেদ খান তৃতীয় অবস্থানে থেকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪টি ভোট।
