ভোটকেন্দ্রে রুমিন ও জুনায়েদের সমর্থকদের হাতাহাতি, ভোটারদের মাঝে আতঙ্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন বলেন, "সকালে একটি ভোটকক্ষে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবীবের দুই এজেন্টের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোটকক্ষের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।"
তিনি আরও বলেন, "এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়েছে।"
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রে জোর করে 'খেজুর গাছ' প্রতীকে সিল মারার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা।
সকালে ভোট দেওয়ার পর তিনি বলেন, "পুলিশ, সেনাবাহিনী ও ডিসিসহ সংশ্লিষ্ট সবার কাছে আটটি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। গতকাল রাতে দুইজন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাতে 'খেজুর গাছ' প্রতীকে সিল মারার পরিকল্পনা ছিল, সে কারণে তারা পাহারায় ছিলেন।"
কোনো অভিযোগ ছাড়াই তাদের আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
