রাজধানীতে ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্রে টহল দিচ্ছে পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদারে কোনো যান্ত্রিক বাহন নয়, বরং ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের। ফার্মগেটে দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানান, নিরাপত্তার পাশাপাশি নির্বাচনকে উৎসবমুখর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে এই টহল পরিচালনা করা হচ্ছে। ঘোড়াগুলোর পিঠে সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী দেখা যায়। পুলিশ সদস্যদের নির্দেশে ঘোড়াগুলো ধীরগতিতে সড়কে চলাচল করে জননিরাপত্তা নিশ্চিত করছে।
নিরাপত্তা টহলের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ঘোড়াগুলোর সাথে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—'সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার' এবং 'ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন'। মূলত সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে ডিএমপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
