ঢাকা-১৫ আসনে ১৩ ‘নির্বাচনি বুথ’ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় 'নির্বাচনি বুথ' ভাঙচুরের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এ আসনের প্রার্থী ড. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে ড. শফিকুর রহমান বলেন, 'আজ আমার নির্বাচনি আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে— এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।'
তিনি আরও বলেন, 'পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।'
আগামীকালের ভোট নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির লেখেন, 'ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।'
