অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি দুই দফায়, চলতি বছর থেকেই কার্যকর
দেশের অধস্তন সব দেওয়ানি আদালতে অবকাশের ছুটি ডিসেম্বর টানা এক মাসের বদলে দুই দফায় ৩০ দিন করা হয়েছে। পুরো ডিসেম্বর মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি ২০২৬ সাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতদিন অধস্তন দেওয়ানি আদালতে এ ছুটি পুরো ডিসেম্বর মাসজুড়ে চলত।
এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সুপ্রিম কোর্টর জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে 'ফুল কোর্ট সভা' অনুষ্ঠিত হয়।
সভায় অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানি ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থিত বিচারপতিদের অবহিত করেন। ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে বলে তিনি ফুল কোর্ট সভায় জানান।
প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় এ সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
