১১ দল বিজয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের নির্বাচনি জনসভায় মাওলানা মামুনুল হককে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, 'জনগণের ভালোবাসা, সমর্থন ও ভোটে ১১ দল বিজয়ী হলে ঢাকা–১৩ আসনের প্রতিনিধি হিসেবে নয়, সারা দেশের মানুষ একজন মর্যাদাবান মন্ত্রী পাবে, যিনি সংসদে গিয়ে শুধু ১৩ আসনের জনগণের কথা বলবেন না, তিনি ১৮ কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন।'
উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কুমিল্লায় দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহেরকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডা. শফিকুর রহমান। সর্বশেষ গত রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকেও মন্ত্রী বানানোর ঘোষণা দেন জামায়াত আমির।
মোহাম্মদপুরের এই জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
