দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করবে।
সোমবার রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান।
বক্তব্যে তিনি নারী, কৃষক, তরুণ ও ধর্মীয় নেতাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ এবং কর্মসংস্থানের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, তিনি ও তার ভাই এই এলাকাতেই বড় হয়েছেন এবং এটিই তাদের জন্মস্থান। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকাতেই। ফলে এলাকার সঙ্গে তাদের একটি গভীর পারিবারিক, মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন এবং এখান থেকেই বিদায় নিয়েছেন। এলাকার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক তাদের রাজনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করেছে।
তারেক রহমান বলেন, নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বাড়ে এবং বিএনপির মতো একটি বড় দলের প্রতি সারা দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। এসব প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে, যা দলের নির্বাচনি ইশতেহারের অংশ।
তিনি জানান, সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে গৃহিণী ও মায়েদের জন্য 'ফ্যামিলি কার্ড' চালু করা হবে, যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। সেই ধারাবাহিকতায় শিক্ষিত ও প্রান্তিক নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।
