ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে একটি দল: অভিযোগ সিলেট বিএনপির
একটি দল সিলেটে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন সিলেটের বিএনপি নেতারা।
তাদের অভিযোগ, স্বাধীনতাবিরোধী ও অশুভ চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি, প্রকাশ্যে ভোট কেনা, ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট আদায় এবং নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে ব্যবহার করছে।
আজ শনিবার সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যখন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে চলছে, ঠিক তখনই পরাজয় নিশ্চিত একটি রাজনৈতিক গোষ্ঠী দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠী সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, সিলেট নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে একটি বিশেষ রাজনৈতিক দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে তারা তথ্য পেয়েছেন। যেসব কেন্দ্রে বেআইনি প্রভাব বিস্তার, সশস্ত্র মহড়া বা সহিংসতার মাধ্যমে ভোট প্রভাবিত করার আশঙ্কা রয়েছে, সেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা ইতোমধ্যে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। ভোটের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ওই কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
