পরিবেশ এখনো ভালো, তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত নির্বাচনের চেয়ে এখনো পরিবেশ ভালো আছে। অনেক জায়গায় প্রার্থীরা প্রতিদ্বন্দী প্রার্থীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখছে। তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র বলেন, 'বিগত নির্বাচনের চেয়ে এখনো পরিবেশ ভালো আছে। অনেক জায়গায় প্রার্থীরা প্রতিদ্বন্দী প্রার্থীর সাথে সৌহার্দ্য সম্পর্ক রাখছে। তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। এটা উদ্বেগের বিষয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের আরো কঠোর হওয়া উচিত।'
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, 'অস্ত্রের মজুদ থাকলে নির্বাচনের দিন এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হতে পারে। এজন্য যৌথ বাহিনীর অভিযানগুলো আরো গুরুতরভাবে চালানো উচিত।'
এ সময় বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, 'বাংলাদেশের অনেক নেতা ভুলে গেছেন তার মায়ের সাথে কি ধরনের নির্যাতন হয়েছে। নির্বাচনের পূর্বে বিএনপি এখন গণবিরোধী অবস্থান নিয়েছে। অনেকেই আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। এটা বিএনপির মাধ্যমেই অনেকটা হচ্ছে।'
দুই দলের তুলনা করে আসিফ মাহমুদ আরও বলেন, 'এই মুহুর্তে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সেরকম কোনো তফাৎ দেখছি না। এ ব্যাপারে বিএনপির তৃণমূলের নির্যাতিত নেতাদের কথা বলা উচিত।'
শেষে জনমতের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা মনে করি বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।'
