মব ভায়োলেন্স বলে কিছু নেই, পুলিশের মধ্যে ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। তিনি দাবি করেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন।
উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশুভ আচরণ করলে তা ফলাও করে প্রচার করুন। তাহলে তারা সোজা হয়ে যাবে।'
প্রার্থীদের আচরণের বিষয়ে তিনি বলেন, 'কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে তারা এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। আর বেশি করলে পাশে জেলখানা দেখিয়ে বলেন, সেখানে চলে যাবে।'
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ভালো রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
