জনমত জরিপ: ৯০% মানুষ ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে উঠে এসেছে এক সাম্প্রতিক মতামত জরিপে। একই সঙ্গে আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের ৪৮ শতাংশেরও বেশি ভোটার এবার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
'আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে' শীর্ষক এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের পদ্ধতি ও সময়সীমা তুলে ধরে সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর জরিপটি করা হয়েছে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে এই জরিপ সম্পন্ন হয়।
জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। একই শ্রেণির ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এবং ১৩ শতাংশ অন্যান্য দলকে ভোট দেবেন বলে জানান। এ ছাড়া ২ দশমিক ৪ শতাংশ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।
ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ইস্যুভিত্তিক অগ্রাধিকারের বিষয়ে জরিপে উঠে এসেছে যে, দুর্নীতির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার। দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে ধর্ম (৩৫ দশমিক ৯ শতাংশ)। এ ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান, উন্নয়ন ও নিরাপত্তার বিষয়গুলো ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য হিসেবে চিহ্নিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, 'ভোটের দিন নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা না গেলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।' বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথ সুগম করতে নির্বাচন কমিশন ও সরকারকে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন তারা।
