মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ছিনতাই দমনে জিরো টলারেন্স নীতি থাকবে: ববি হাজ্জাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন।
আজ (ফ্রেব্রুয়ারী ৪) বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত ঢাকা-১৩ সংসদীয় আসনে সব প্রার্থী কর্তৃক নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে ববি হাজ্জাজ তার ইশতেহার পাঠ করেন।
তার নির্বাচনি ইশতেহারে বলা হয়েছে, এলাকায় কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে থানা প্রশাসন ও স্থানীয় কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হবে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
ইশতেহার অনুযায়ী, চাঁদাবাজির অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য সহায়তা ডেস্ক চালু করা হবে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে অভিযোগের ফলোআপ নিশ্চিত করা এবং অবৈধ দখল ও ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ছিনতাই কমাতে ব্যস্ত সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় আলোকসজ্জা, সিসিটিভি এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে, জনসাধারণের স্থান ও খেলার মাঠ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে এলাকায় নিরাপদ চলাচল ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় থাকে।
এছাড়াও তার ৯ দফা ইশতেহারে যুব উন্নয়ন, নারী নিরাপত্তা জোরদার, বিহারী ক্যাম্প উন্নয়নের প্রতিশ্রুতি উল্লেখ করা হয়।
