বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটার প্রস্তাবের প্রতিবাদ: তেজগাঁওয়ে সড়ক ছাড়ল পলিটেকনিকের শিক্ষার্থীরা
সরকারি চাকরির ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড় অবরোধ করেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে বেলা পৌনে ৪টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ট্রাফিকের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ট্রাফিক পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মোড়টির চারপাশের সব সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের অন্যান্য সড়কেও।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জানানো হয়, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে গত রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার আইডিইবি ভবনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা সমাধানে সরকারের গঠিত কমিটির প্রস্তাবিত সিদ্ধান্তসমূহ গভীরভাবে পর্যালোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে 'বৈষম্যমূলক, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে ঘোষণা করা হয়।
