রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য দুধ, ডিম ও মাংসসহ বিভিন্ন প্রাণিজ পণ্য সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করা হবে।
রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে করণীয় নির্ধারণে রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিপণনের উদ্যোগ নেবেন।
প্রাথমিকভাবে ঢাকার সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে—সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুরের ষাটফুট রোড ও কালশী, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও রেল ক্রসিং দক্ষিণ, নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা কাঁচা বাজার, মোহাম্মদপুরের বাবর রোড ও বসিলা এলাকা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার।
এ ছাড়া, স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণ করে পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
