৮ ফেব্রুয়ারি থেকে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ওই আসনের সব পোস্টাল ব্যালট বাতিল: ইসি
আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে কোনো আসনে ৮ ফেব্রুয়ারি বা এরপর থেকে নতুন করে প্রার্থী যুক্ত হলে ওই আসনের সব পোস্টাল ব্যালট বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত হালনাগাদ বিশেষ পরিপত্র জারি করেছে ইসি। একের পর এক প্রার্থিতা ফিরে পাওয়ায় পোস্টাল ব্যালট নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে 'কতিপয় ক্ষেত্রে পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত না করা' শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে, কোনো আসনের পোস্টাল ব্যালট ভোট গণনা শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
এতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৭-এর দফা (১০) (৩) অনুযায়ী প্রাসঙ্গিক সময়ে (Relevant Time) কোনো আদালতের আদেশে যদি নির্দিষ্ট কোনো নির্বাচনি আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটে, তাহলে ওই আসনের সব পোস্টাল ব্যালট বাতিল হবে।
পরিপত্রে প্রাসঙ্গিক সময় বলতে ভোটগ্রহণের দিনসহ পূর্ববর্তী চার দিন—মোট পাঁচ দিনকে বোঝানো হয়েছে। সে হিসাবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাসঙ্গিক সময় ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি ও তার পরবর্তী সময়।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো পরিপত্রে বলা হয়, "৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী সময়ে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে সংশ্লিষ্ট আসনের সব পোস্টাল ব্যালট বাতিল হিসেবে গণনার বাইরে থাকবে। উপর্যুক্ত কারণে বাতিল ব্যালটগুলো কিউআর কোড ডুপ্লিকেট হওয়া এবং ভোটার কর্তৃক পোস্টাল ব্যালট পাওয়ার পর খামের কিউআর কোড স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটের খামের সঙ্গে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং তার হিসাব প্রকাশ করতে হবে।"
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
