সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে
রাজধানীর শাহজাহানপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান ওরফে স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোাপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ মে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতা-কর্মী রমনা থানার মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়।
ওই ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।
