নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ করেছে ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার পোস্টার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়ার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, 'সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না।'
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'প্রার্থীর প্রচারে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এবার যুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি, এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দী প্রার্থী ব্যবহার করতে পারবে, এসব নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।'
'ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। টিশার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে যে অতীতে বিধিনিষেধ ছিল। এটার ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে', যোগ করেন তিনি।
তিনি জানান, মাইকে প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলে রাখতে হবে। প্রচারণার সময় তিন সপ্তাহ থাকছে। টিভিতে সংলাপের সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যদেরও যোগ করা হয়েছে। এতে তারা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, 'বিধিমালা লঙ্ঘনে যে শাস্তি ছিল, ছয় মাস কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, এবার জরিমানা সর্বোচ্চ দেড় লাখ টাকার প্রস্তাব রয়েছে।'
রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সানাউল্লাহ জানান, বর্তমান আচরণবিধিতে বিভিন্ন পরিবর্তন এনে খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আগের চেয়ে কঠোর করা হয়েছে। এখন থেকে এই বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আগের নিয়মে জরিমানার পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী 'সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নতুন করে যোগ করা হয়েছে।
আবুল ফজল বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি।
