এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, তা অর্জন হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, 'রেভিনিউ {রাজস্ব] আদায় খুব ভালো হবে। এনবিআরের সবাই গিয়ারড আপ। ইনশাআল্লাহ রেভিনিউয়ের যে টার্গেট, আমরা দিয়েছি সেটা পূরণ হবে।'
চলতি অর্থবছরে এনবিআরকে রাজস্ব আদায় করতে হবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা সদ্যসমাপ্ত অর্থবছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি। এত বেশি হারে রাজস্ব আদায় বাড়ানোর রেকর্ড অতীতে কখনো হয়নি।
সভায় এনবিআর চেয়ারম্যান আহসান হাবীব, অর্থ বিভাগের সচিব ছাড়াও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশের (বিটিএমএ) নেতারাও তাদের বিভিন্ন দাবি নিয়ে বৈঠক করেছেন।
বিটিএমএর সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অনবরত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন। ব্যবসায়ীদের কোথায় সমস্যা আছে, কী সমস্যা আছে, কীভাবে সমাধান দেওয়া যায়, এসব নিয়ে আলোচনা হচ্ছে।
'আর আমরা ইতিমধ্যে অনেক ডি-রেগুলেশন করেছি। এরপরও যদি কোনো সমস্যা থাকে, এগুলো আলোচনায় আসছে। এগুলো ক্রমাগত সমাধান হচ্ছে এবং হতে থাকবে,' বলেন তিনি।
