আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ সোমবার নিলামের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে ৫.৯৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি মাসে কেনা হলো ৩১০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।।
চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানির দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তাছাড়া আকু পেমেন্টের আগে ও পরে নিলামের মাধ্যমে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।
আকু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যকার আমদানির বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থায় ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা—এই ৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এই বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।
মূলত ডলার কেনার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া শেষ তথ্যে দেখা যায়, রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন ডলার।
ব্যাংকগুলোতে রেমিট্যান্সের প্রবাহ সন্তোষজনক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে। চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩.৫ শতাংশ। চলতি মাসে কোরবানির ইদ পালন করা হবে, আশা করা হচ্ছে ইদ উপলখ্যে দেশে রেমিট্যান্স প্রবাহ ভালো থাকবে।
