প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের নিট মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। ধারাবাহিক কয়েক প্রান্তিক ধরে প্রতিষ্ঠানটির আয় শক্তিশালী অবস্থানে থাকায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের সহযোগী এই প্রতিষ্ঠানের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিকাশের নিট আয় ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৮০২ কোটি টাকা হয়েছে।
টিবিএস-এর সঙ্গে আলাপকালে বিকাশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, 'বিকাশ ধারাবাহিকভাবে তার ব্যবসায়িক মডেলের স্থায়িত্ব প্রদর্শন করেছে। পাশাপাশি লাখ লাখ বাংলাদেশির জন্য আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা অব্যাহত রেখেছে।'
তিনি আরও জানান, প্রযুক্তি, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা পরিপালন (কমপ্লায়েন্স) এবং সাইবার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিয়মিত বিনিয়োগ গ্রাহক আস্থা ও প্ল্যাটফর্মে তাদের সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করেছে। বর্তমানে গ্রাহকদের একটি বড় অংশ নিয়মিত লেনদেন করছেন, যা ডিজিটাল আর্থিক সেবার ওপর ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।
মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, ব্যবহারের এই উচ্চ হার প্রতিষ্ঠানের আয় ও মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ যেহেতু একটি ক্যাশলেস বা নগদবিহীন এবং ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে, তাই ভবিষ্যতে একটি শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম, ডিজিটাল কমার্স এবং পেমেন্ট সলিউশনের পেছনে বিকাশ বিনিয়োগ অব্যাহত রাখবে।
২০১০ সালে ব্র্যাক ব্যাংক ও যুক্তরাষ্ট্রভিত্তিক 'মানি ইন মোশন এলএলসি'-র যৌথ উদ্যোগে বিকাশ প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মুনাফায় ছিল। তবে সেবার পরিধি বাড়াতে বড় ধরনের বিনিয়োগের কারণে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত লোকসানের সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি। কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিকাশ পুনরায় মুনাফায় ফিরে আসে এবং এরপর থেকে তা ধারাবাহিকভাবে বজায় রেখেছে।
শুরু থেকেই বিকাশের বিনিয়োগকারীরা 'পেশেন্ট-ক্যাপিটাল' বা ধৈর্যশীল পুঁজি বিনিয়োগের নীতি অনুসরণ করছেন। তারা লভ্যাংশ নেওয়ার পরিবর্তে মুনাফার পুরো অর্থ পুনরায় ব্যবসায় বিনিয়োগ করেছেন। এই কৌশলের কারণেই বিকাশ একটি শক্তিশালী প্রযুক্তিগত ভিত্তি গড়তে এবং কার্যকরভাবে সেবার পরিধি বাড়াতে সক্ষম হয়েছে।
বর্তমানে বিকাশের ৫১ শতাংশ শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকের কাছে। অন্যান্য প্রধান শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে মানি ইন মোশন এলএলসি (১৬.৪৫%), আলিপে সিঙ্গাপুর ই-কমার্স (১৪.৮৭%), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (১০.৩৬%) এবং এসভিএফ ২ বিম (ডিই) এলএলসি (৭.৩২%)।
বিকাশের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৮ কোটিরও বেশি এবং এজেন্টের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার। বর্তমানে বিকাশ থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি হাজারে ১৮ টাকা ৫০ পয়সা এবং অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর (ফান্ড ট্রান্সফার) জন্য প্রতিটি লেনদেনে ৫ টাকা চার্জ নেওয়া হয়।
