আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তঃব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।
এছাড়া চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহালের বিষয়ে তিনি বলেন, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফেরত দেয়ার বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে বিধায় এ পর্যায়ে সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত প্রদানের সুযোগ নেই।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী এসময় জানান, দেশের ৪৬টি ব্যাংক বর্তমানে নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।
ব্যাংকিং লেনদেনের চার্জের বিষয়ে তিনি বলেন, 'ব্যাংকের অভ্যন্তরীণ লেনদেনের ফি স্ব স্ব ব্যাংকই নির্ধারণ করে থাকে এবং নির্ধারিত ফি 'সিডিউল অব চার্জেস'-এ উল্লেখপূর্বক স্ব স্ব ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শন করে থাকে। এছাড়া, গ্রাহকগণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারেন।'
তিনি আরও বলেন, 'বিইএফটিএন ব্যবহার করে বিনা খরচে, আরটিজিএস ব্যবহার করে লেনদেন প্রতি সর্বোচ্চ ১০০ টাকা (ভ্যাটসহ) এবং এনপিএসবি-এর মাধ্যমে লেনদেন প্রতি সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) খরচে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারেন। আন্তঃব্যাংক লেনদেনের এরূপ ফি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়।'
তিনি বলেন, 'চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের কর্তৃক দায়েরকৃত ১৩০৪৭/২০২৫, ১৩৯৭৪/২০২৫ এবং ১৪০২৩/২০২৫ নং রিট ও মামলাসমূহ বর্তমানে হাইকোর্ট বিভাগ এবং শ্রম আদালতে চলমান রয়েছে, যা মূলত বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনসমূহে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত পিটিশনারদের আবেদন নিষ্পত্তির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতোমধ্যে পরিপালিত হয়েছে। তবে, বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে বিধায় এ পর্যায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত প্রদানের সুযোগ নেই।'
উল্লেখ্য, অর্থমন্ত্রী যে রিট মামলাগুলোর রেফারেন্স দিয়েছেন সেগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পর শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো থেকে যে সমস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের মামলা সংক্রান্ত।
