জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
চলতি বছরের জানুয়ারিতে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে এ হারে আমানত বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আমানতের প্রবৃদ্ধির এ তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি শেষে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার কোটি টাকার বেশি। আগের বছর একই সময়ে যা ছিল ১৭ লাখ ৮১ হাজার কোটি টাকার বেশি।
এদিকে ২০২৫ সালের ডিসেম্বর শেষে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ১০ শতাংশ।
বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা বলছেন, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি কিছুটা কমলেও তা এখনও দুই অঙ্কে রয়েছে। তাদের মতে, প্রবৃদ্ধি কমলেও এটি ইতিবাচক। কারণ গত বছর দীর্ঘ সময় ধরে আমানতের প্রবৃদ্ধি এক অঙ্কে ছিল।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "বর্তমানে বেকারত্বের হার বাড়লেও আমানতের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফল।"
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসীরা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্স বাড়ার ফলে ব্যাংকে আমানতও বেড়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রবৃদ্ধি কিছুটা কম হলেও তা ইতিবাচক রয়েছে।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকের বাইরে থাকা অর্থ (কারেন্সি আউটসাইড ব্যাংক) দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ২ লাখ ৭৪ হাজার ২৩০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকের বাইরে অর্থ বেড়েছে ৮ হাজার ৩৯৬ কোটি টাকা।
