সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, দুপুর ২টার দিকে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনি পদত্যাগ করেছেন কি-না জানতে চাইলে সাংবাদিকদের বলেন, 'আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি। গণমাধ্যমে দেখেছি, তাই আমি বাসায় চলে যাচ্ছি।'
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের জায়গায় ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরানোর জন্য সম্প্রতি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আহসান এইচ মনসুরকে 'স্বৈরাচার' আখ্যা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ ও বদলি করা হয়।
এসবের প্রতিবাদে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবাদ সভার আয়োজন করেন ব্যাংকের কর্মীরা। সভায় ৩ কর্মকর্তার শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি না মানা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম-বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা।
