অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
দেশের শীর্ষস্থানীয় বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে তিনি কোম্পানিটির ১ কোটি শেয়ার কিনবেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, আজিজ মোহাম্মদ ভাই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই ১ কোটি শেয়ার কেনা সম্পন্ন করবেন।
শেয়ার কেনার এই ঘোষণা আসার পর আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫৪ টাকায় দাঁড়িয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী, ১ কোটি শেয়ার ক্রয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যয় হবে প্রায় ১৫৪ কোটি টাকা।
উল্লেখ্য, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বর্তমানে বাংলাদেশের বিস্কুট বাজারের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির এই বড় অংকের শেয়ার ক্রয়ের ঘোষণা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
