প্রথমবারের মতো ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হলো পদ্মা সেতু
আগামী ২৫ জুন উদ্বোধন হতে চলা পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্ট প্রজ্জ্বলিত করা হয়েছে।
শনিবার (৪ মে) বিকালে ৫:৪০-এর দিকে মাঝ নদীতে সেতুর ১২নং স্প্যানে ল্যাম্পপোস্টগুলো প্রজ্জলন করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদেন ।
২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়; এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ।
মূল সেতুর বাকি থাকা ১ ভাগ কাজের মধ্যে ক্যাবল বেছানো, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে।