কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, বুধবার (১৫ মার্চ) রাতে কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল আল মারওয়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত শারমিন আক্তার (২৬) গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, মঙ্গলবার রাতে শারমিন আক্তার একা কক্সবাজার বেড়াতে আসেন। তিনি রাত যাপনের জন্য শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল আল মারওয়াতে কক্ষ ভাড়া নিতে যান।
এসময় শারমিন একা থাকায় হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিতে অনীহা জানায়। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে জনৈক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন শারমিন। এরপর তাকে হোটেলটির তৃতীয় তলার ১৩১ নম্বর কক্ষ ভাড়া দেওয়া হয়।
পরিদর্শক (তদন্ত) বলেন, "বুধবার সন্ধ্যায় হোটেলের এক পরিচ্ছন্নকর্মী কক্ষটি পরিস্কার করতে যান। এসময় কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তিনি একাধিকবার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।"
নাজমুল বলেন, "পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভাঙ্গার পর ওই নারীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।"
এটি আত্মহত্যা নাকি খুন; তা তদন্তের পর নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
