ঢাকার উদ্দেশে দোহা ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে চার দিনের সরকারি সফর শেষ করে আজ (৮ মার্চ) সকালে দেশের উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সময় ১১টা) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি-৫) বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহায় আসেন শেখ হাসিনা।
কাতারে থাকাকালীন তিনি এলডিসি-৫ সম্মেলন, বিভিন্ন পার্শ্ব বৈঠক এবং একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেখা মোজা বিনতে নাসের, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাবা করোসিসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন।
