যানজটে ঢাকা স্থবির
আজ শনিবার সকাল থেকে ঢাকার অনেক রাস্তা বন্ধ করে দেওয়ায় আর কিছু স্থানে যানবাহন বিকল্প রুটে পাঠিয়ে দেওয়ায় ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন ঢাকার অফিসগামী যাত্রীরা।
আজ বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহিলা শাখার ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কারণে পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে পল্টন থেকে শাহবাগ যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দীর যাওয়ার পথের অন্য রাস্তা থেকেও যানবাহন বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক জোনের সহকারী কমিশনার সাকিব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ইতোমধ্যে কাকরাইল মোড়ে রাস্তা বন্ধ করে যানবাহন বিকল্প রুটে পাঠাচ্ছেন তারা।
এদিকে বিআরটি প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কে সংস্কার কাজ চলায় উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা টিবিএসকে জানান, বিমানবন্দর এলাকায় যানজটের কারণে সদ্য উদ্বোধন হওয়া টঙ্গী ফ্লাইওভারেও যানজট সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যেই চার লেনের বিমানবন্দর সড়কের দুটি লেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ, ওই পার্শ্ববর্তী রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
