২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক ২০২৫ সালে ১ হাজার ৩১৩ কোটি টাকার রেকর্ড নিট মুনাফা করেছে। অডিট করা আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ।
বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এই বিপুল মুনাফার প্রধান কারণ। বিশেষ করে সরকারি বন্ড থেকে ব্যাংকটির আয় অনেক বেড়েছে। এ খাত থেকে তাদের আয় বছরে ৫৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৯৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে একই সময়ে ব্যাংকটির নিট সুদ আয় ব্যাপক হারে কমেছে। এই আয় ৭৭ শতাংশ কমে ৩৩৭ কোটি টাকায় নেমে এসেছে। ঋণগ্রহীতাদের কাছ থেকে সুদ বাবদ আয় কমে যাওয়া এবং আমানতকারীদের বেশি সুদ দেওয়ায় এমনটি ঘটেছে বলে জানা গেছে।
২০২৫ সালে সোনালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২৮ টাকা ৯৯ পয়সায় দাঁড়িয়েছে। আগের বছর এর পরিমাণ ছিল ২১ টাকা ৮২ পয়সা।
