সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লায় আগামীকাল গণজমায়েত
কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল (১৮ অক্টোবর) বিকেল ৩টায় গণজমায়েত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
গণজমায়েতে নেতৃত্ব দেবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। গণজমায়েতে আওয়ামী লীগ ছাড়াও কুমিল্লার সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
এদিকে কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুমিল্লা পূজা উদযাপন কমিটি; শনিবার তাদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।
অপরদিকে একই সময়ে সম্মিলিত নাগরিক উদ্যোগ-কুমিল্লার আয়োজনে দেশব্যাপী অশুভ শক্তির নারকীয় তাণ্ডবের প্রতিবাদে নগরীর কান্দিরপাড়ে পৃথক নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেয় এবং এসব সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মূল হোতাকে গ্রেপ্তারের দাবি জানায়।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির উত্তরপাড় এলাকার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার খবরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
