শিথিল লকডাউন চলাকালে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু, শনাক্ত ১২,১৪৮
টানা পাঁচদিন ধরে দুইশ'র বেশি মানুষের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা তেমন কমেনি। আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল আটটা নাগাদ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৪৮ জন।
এসময় মোট ৪৫,০৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ৪১,৯৪৭ জনের। যার ভিত্তিতে আগে থেকে ঊর্ধ্বমুখী থাকা পজিটিভ শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় বেড়ে ২৮.৯৬ শতাংশ হয়েছে। আর এপর্যন্ত সার্বিক হার ১৫.০৮ শতাংশ।
১.৬১ শতাংশে সার্বিক মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে।
নতুন প্রাণহানি ও শনাক্তের সংখ্যা যোগ হওয়ায়, এপর্যন্ত মোট ১৭,৪৬৫ জনের প্রাণ কেড়ে নিল মারণব্যাধিটি। আর মহামারি শুরুর পর থেকে মোট শনাক্ত হলেন ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।
চলতি জুলাই মাস ইতোমধ্যেই গত এপ্রিলের সর্বোচ্চ প্রাণহানিকে ছাড়িয়ে গেছে।
তার ওপর আবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে চলাচলের বিধিনিষেধ শিথিল করায় আক্রান্ত ও মৃত্যু আরও বৃদ্ধির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থতা লাভ করেন ৮,৫৩৬ জন। ফলে মোট সেরে ওঠাদের সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জনে উন্নীত হয়।
এছাড়াও, লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে সাম্প্রতিক মৃতদের মধ্যে ১১৩ জন পুরুষ ও নারী ছিলেন ৭৪ জন। এপর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি বা ১২,১৬৬ জন, অন্যদিকে নারী ছিলেন ৫,২৯৯ জন ।
