যাত্রী স্বল্পতায় চট্টগ্রাম থেকে বিমানের দুই ফ্লাইট বাতিল
করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর অভ্যন্তরীন রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার সকাল ৯টা ৫০ মিনিট এবং রাত ৯টা ১০ মিনিটে ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দুটির।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম এয়ারপোর্ট ম্যানেজার আরিফুজ্জামান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও যাত্রী স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে। ১ বা ২ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করা যায় না। ২ জুনের ফ্লাইটও পরিচালনা যাত্রীর ওপর নির্ভর করবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, ১ জুন থেকে তিনটি বিমান সংস্থার ১১টি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এ ছাড়া ইউএস বাংলা ছয়টি এবং নভোএয়ার তিনটি ফ্লাইট পরিচালনা করছে। সোমবার দুপুর পৌঁনে একটা নাগাদ ঢাকা থেকে নভো এয়ারের দুইটি ও ইউএস বাংলার দুইটি ফ্লাইট অবতরণ করেছে।
