মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ও উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল অফিসার-২ এসএম খুরশীদ-উল-আলম এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এই উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর কর্মকর্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে করোনাভাইরাস মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রতিটি জাতীয় দিবস, বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
