ডোজপ্রতি ১০ ডলারে চীন থেকে দেড় কোটি টিকা আনবে সরকার
চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ১০ ডলারে দেড় কোটি কোভিড-১৯ টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, আগামী জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ ডোজ টিকা আসবে দেশে"।
এছাড়া আজ মন্ত্রিসভা বৈঠকে আরেকটি প্রস্তাবনা পাশ হয়। স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক "কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস" প্রকল্পের আওতায় ১১৫৪ জন জনবল ও ৪৮টি যানবাহন সেবা (আউটসোর্সিং) প্রক্রিয়ায় ১৩৩ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর নিকট থেকে ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে আজ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল, ঔষধ প্রশাসন অধিদফতর দেশে চীনের রাষ্ট্রায়ত্ত ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের উৎপাদিত কোভিড-১৯ টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
ইতিমধ্যে বাংলাদেশ সরকার ডিসেম্বরের মধ্যে কোভিড-১৯ টিকার চার-পাঁচ কোটি ডোজ ক্রয়ের উদ্দেশ্যে চীনের কাছে একটি 'লেটার অফ ইন্টারেস্ট' বা চাহিদাপত্র প্রেরণ করেন।
এরপর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত ১২ মে চীনা সরকারের উপহারস্বরূপ পাঠানো সিনোফার্ম টিকার ৫ লাখ ডোজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।
