কোনো মৃত্যু কাম্য নয়: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কোনো মৃত্যু কাম্য নয়, তবে সেটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করা আকাঙ্ক্ষিত নয়।'
ডিজিটাল নিরাপত্তা আইন ঘিরে চলমান সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আজ শনিবার বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তিনি আরও বলেন, 'ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি, ডিজিটাল নিরাপত্তা দেয়াও আমাদের দায়িত্ব।'
দেশ কিংবা দেশের মানুষের ক্ষতি হয়, এমন কিছু করা কারও উচিত নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, যারা সমালোচনা করছে, তারা সব সময়ই সমালোচনা করবে। এই সমালোচকদের চেনেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি ৬৫ বছর ধরে রাজনীতি করছেন। তাই কে কোন উদ্দেশ্যে কী বলছে, তার তা জানা আছে বলেও মন্তব্য করেন তিনি।
