করোনায় জ্যেষ্ঠ প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাসখানেক আগে শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মোহসীন চৌধুরীকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই।
চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন মোহসীন চৌধুরী। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
