করোনায় একদিনে দ্বিতীয় সর্বাধিক ১০৮ জনের মৃত্যু
আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু ঘটেছে।
গত বছর দেশে করোনাভাইরাস মহামারি সংক্রমণ শুরু হওয়ার পর এটিই একদিনে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা। এর আগে, গত ১৯ এপ্রিল একদিনে এ পর্যন্ত সর্বাধিক ১১২ জনের প্রাণহানী ঘটেছিল।
এদিকে, এ নিয়ে দেশে কোভিড-১৯ জনিত কারণে মোট ১৩,৯৭৬ জনের মৃত্যু হলো।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫,৮৬৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮,৭৮,৮০৪ জনের শরীরে ধরা পড়ল প্রাণঘাতী এ ভাইরাস।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২৮,২৪৭টি নমুনা সংগ্রহ এবং ২৭,৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্তের হার ২১.২২ শতাংশ।
এ নিয়ে দেশে মোট ৬৪,৬৩,১৯৯টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের হার ১৩.৬ শতাংশ।
বলে রাখা ভালো, দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। সে বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
